সিলেট বিমানবন্দরে ফের ২০টি স্বর্ণের বার জব্দ

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২১:৪২

সিলেট অফিস

সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফের সোনার চালান আটক হয়েছে। দুবাই থেকে আসা একটি বিমান থেকে এক কোটি ৩০ লাখ টাকা মূল্যের ২০টি স্বর্ণের বার জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এর আগে গত ১১ এপ্রিল ওসমানী বিমানবন্দরে তিন কেজি স্বর্ণসহ আবির হোসেন নামের এক যুবককে আটক করা হয়। 

গতকাল মঙ্গলবার সকালে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটের ভেতরে সিটের সাথে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয় স্বর্ণের এসব বার। ওসমানী বিমানবন্দর কাস্টমস সূত্র জানায়, আটককৃত সোনার ওজন ৩ কেজি ৩০০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় এক কোটি ত্রিশ লক্ষ টাকা। তিনি জানান, দুবাই থেকে আসা বিমানের এ ফ্লাইট সকাল ৮টায় ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। কাস্টমসের চেকিংয়ের অংশ হিসাবে বিমানের ভেতরে তল্লাশি চালিয়ে সিটের সাথে বাঁধা অবস্থায় দুটি বস্তু উদ্ধার করা হয়। এরপর এ দুটি বস্তু খুলে ২০টি স্বর্ণের বার পাওয়া যায়।