‘প্রতিদিন ১১ কোটি লিটার পানি সরবরাহের পরিকল্পনা খুলনা ওয়াসার’

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৯
খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ‌‘খুলনা ওয়াসা প্রাথমিকভাবে ৪৫ হাজার সংযোগের মাধ্যমে প্রতিদিন ১১ কোটি লিটার পানি সরবরাহের পরিকল্পনা নিয়ে কাজ করছে। এ বছরের শেষ নাগাদ নগরবাসী এই সুবিধা ভোগ করতে পারবে।’
 
খুলনা মহানগরীর পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনায় নিয়োজিত প্রতিষ্ঠান খুলনা ওয়াসার শুদ্ধাচার ব্যবস্থাপনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ওয়াসা ভবনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এনজিও ফোরাম এবং ওয়াটার ইনটিগ্রিটি নেটওয়ার্কের সহযোগিতায় খুলনা ওয়াসা এই কর্মশালার আয়োজন করে। খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার  উদ্বোধন করেন। এ সময় তিনি এসব কথা বলেন। 
 
তালুকদার আব্দুল খালেক বলেন, খুলনার অবস্থান উপকূলীয় এলাকায় হওয়ায় প্রকৃতিগতভাবে এ অঞ্চলের পানি লবণাক্ত। জনসংখ্যার ক্রম বৃদ্ধির সঙ্গে সঙ্গে সুপেয় পানি সরবরাহে ঘাটতি দেখা দিচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সরকার জনসাধারণের মধ্যে সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে বিশাল প্রকল্প গ্রহণ করেছে। 
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন খুলনা ওয়াসার চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুজ্জামান, ইনটিগ্রিটি নেটওয়ার্কের কর্মসূচি সমন্বয়ক বিনায়ক দাশ, দাতাসংস্থা জাইকা’র জ্যেষ্ঠ প্রতিনিধি ইয়াসুহিরো কাওয়াজোয়ি এবং রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক সুলতান আব্দুল হামিদ। স্বাগত জানান এনজিও ফোরামের নির্বাহী পরিচালক এসএমএ রশিদ।
 
কর্মশালায় খুলনা ওয়াসা সেবা প্রদানে সততা, নিষ্ঠা, নৈতিকতা ও জবাদিহিতা বজায় রেখে কাজ করবে বলে আশ্বস্ত করা হয়।
 
এতে খুলনা, রাজশাহী ও চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তা, পানি ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, গণমাধ্যম এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/কেকে