গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বেলা রানী দাস (৬৫) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বিত্তরা। শনিবার দুপুরে কান্দি গ্রাম থেকে তার লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ধারণা, শুক্রবার গভীর রাতে কে বা কারা তাকে গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কোটালীপাড়া উপজেলার কান্দি গ্রামের বিরেন দাসের স্ত্রী বেলা রানী দাস তাদের কান্দি গ্রামের বিলের মধ্যে নিজেদের দাস এগ্রো ফার্ম লিমিটেডের মাছের ঘের পাড়ের ঘরে একাই অবস্থান করেন। এখানে বৃদ্ধ স্বামীকে নিয়ে ওই বৃদ্ধা বসবাস করেন। তাদের এক ছেলে ও এক মেয়ে দেশের বাইরে থাকেন। ঘটনার দিন রাতে তার স্বামী বাড়িতে ছিলেন না। রাতে কে বা কারা তাকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে রেখে যায়। শনিবার সকালে ওই গ্রামের সুমন্ত শীল (ওই ঘেরের মাঝে মধ্যে কাজ করেন) নামে এক বৃদ্ধ বেলা রানীকে খুঁজতে গিয়ে ঘরের মেঝেতে লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজনকে জানায়।পরে গ্রামবাসী পুলিশকে খবর দেয়।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে কোটালীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই মহিলাকে গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
