রামগতিতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২১:৪৩

রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা

লক্ষ্মীপুরের রামগতিতে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. মোহন (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলা সদর আলেকজান্ডার কামিল মাদ্রাসার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। শিশুটি ধর্ষণের শিকার হয় শুক্রবার দুপুরে। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার রাতে রামগতি থানায় মামলা দিয়েছেন শিশুটির পিতা। মোহন রামগতি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শিক্ষাগ্রামের করিম আলী বেপারি বাড়ির মো. বাবুলের ছেলে। নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিত্সক সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে জানার পর প্রাথমিকভাবে তার শারীরিক পরীক্ষা করা হয়েছে। তবে পরীক্ষার প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।

রামগতি থানার পরিদর্শক (তদন্ত) মো. ইউসুফ আলী বলেন, শিশুটির পিতা জানিয়েছেন শুক্রবার দুপুরে তার মেয়ে ধর্ষণের শিকার হয়। লোকলজ্জার কারণে তখন বিষয়টি তারা জানাজানি করেননি; কিন্তু মেয়েটি খুবই অসুস্থ হয়ে পড়লে সোমবার তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করান এবং দুপুরে মোহনের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ দেন। অভিযোগ পেয়ে দুপুরেই মোহনকে আটক করা হয়েছে এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।