ওসমানীনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ২১:৪৪
ওসমানীনগরে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের খসরুপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত ইসমাইল মিয়াকে (১৮) আটক করেছে পুলিশ।
 
জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে শিশুটি খেলা করছিল। এ সময় একই গ্রামের ইদ্দেক উল্লার ছেলে ইসমাইল মিয়া (১৮) শিশুটিকে ফুসলিয়ে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় শিশুটির কান্নায় স্থানীয় লোকজন এগিয়ে শিশুটিকে উদ্ধার করে। বিষয়টি জানাজানি হলে বাড়ির লোকজন শিশুটিকে থানায় নিয়ে এলে পুলিশ তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। দুপুর ২টার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইসমাইলকে আটক করে থানায় নিয়ে যায়।
 
শিশুটির চাচা আব্দুল জলিল বলেন, শিশুটিকে পুষলিয়ে ধর্ষণ করেছে ইসমাইল। বর্তমানে তার অবস্থা আশংকাজনক। থানা পুলিশকে অবগত করে তাকে চিকিৎসার জন্য  হাসপাতাল ভর্তি করেছি।
 
এদিকে অভিযুক্ত ইসমাইলের ভাই মামুন মিয়া বলেন, আমার ভাই ইসমাইল মানসিক রোগী। পূর্ব শত্রুতার জের ধরে ওই ঘটনায় সাথে আমার ভাইকে জড়িয়ে ফাঁসানো হয়েছে। আমার ভাই এ ঘটনার জড়িত নয়।
 
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশুটি বর্তমানে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ