সপ্তাহের ব্যবধানে নারায়ণগঞ্জ কারাগারে দুই হাজতির মৃত্যু

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:২০
সপ্তাহের ব্যবধানে নারায়ণগঞ্জ জেলা কারাগারে দুই হাজতির মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষের দাবি উভয়েই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট স্ট্রোক) মারা গেছে। নিহত দুই হাজতিই মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাবন্দি ছিল। 
 
গত ৫ সেপ্টেম্বর লিটন হোসেন (৫৫) নামে এক হাজতির মৃত্যু হয়। লিটন হোসেনের হাজতি নম্বর ৩৫৩৬/০৮। সে শহরের দেওভোগ আখড়া এলাকার মৃত মনির হোসেনের ছেলে। সে মাদক মামলার আসামি ছিল।
 
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার মোঃ আসাদুর জানান, লিটন হোসেনের বিরুদ্ধে তিনটি মাদকের মামলা রয়েছে। এর মধ্যে রাজধানীর যাত্রাবাড়ি থানায় একটি ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় রয়েছে আরো দুটি মাদকের মামলা। সম্প্রতি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ১৭ হাজার পিস ইয়াবাসহ তাকে আটকের পর চলতি বছরের ১১ মার্চ মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করে। পরে আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। সেই সময় থেকে গত ৬ মাস যাবৎ সে কারাগারে ছিল।
 
গত শুক্রবার মোক্তার হোসেন (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়। কারা কর্তৃপক্ষের দাবি, সে মাদকাসক্ত ছিলো। লিটনের মতো হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট স্ট্রোক) মারা যায়। গত শুক্রবার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরীয়া) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার সুভাস ঘোষ জানান, মোক্তার হোসেন মাদকাসক্ত হওয়ায় কারাগারের ভিতরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে তাকে চিকিৎসা দেওয়া হয়। গত বুধবার সকাল সাড়ে ৯টায় অসুস্থ হলে পড়লে মোক্তার হোসেনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় ।
 
স্বজনরা জানান, গত ৪ মাস যাবৎ মাদক মামলায় সে গ্রেপ্তার হয়। 
 
ইত্তেফাক/নূহু