এবার ক্ষমতায় গেলে ২০২৫ সালের মধ্যে শতভাগ কর্মসংস্থান: কুমিল্লায় পরিকল্পনামন্ত্রী

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২৭
 
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি বলেছেন, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে ২০২৫ সালের মধ্যেই দেশে শতভাগ কর্মসংস্থানের ব্যবস্থা করবে। শিক্ষিত যুবকদের বেকার হয়ে ঘরে বসে থাকতে হবে না। তিনি বলেন, বঙ্গবন্ধু যে আদর্শ রেখে গেছেন তা বাস্তবায়ন করছে আওয়ামী লীগ। এ আওয়ামী লীগই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবে এবং ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে পৌঁছে যাবে।
 
শনিবার কুমিল্লা পল্লী বিদ্যুত্ সমিতি-২ এর উদ্যোগে আয়োজিত জাতীয় জ্বালানি ও বিদ্যুত্ সপ্তাহ উপলক্ষে গ্রাহক সমাবেশ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যুত্ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিদ্যুতের  উত্স হিসেবে আমাদের বিকল্প ব্যবস্থার দিকে এগুতে হবে। তেল, গ্যাস, এলএনজি বা কয়লার উপর নির্ভরশীল হলে ভবিষ্যতে বিপদের মুখে পড়তে হবে। এ জন্য বিকল্প এবং স্থায়ী ব্যবস্থা হিসেবে সৌর বিদ্যুত্ ও বায়ু বিদ্যুতের উপর গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, ৫০ লাখ টন কয়লা পোড়ালে যে বিদ্যুত্ আসে এর অনেক কম খরচে সমপরিমাণ সৌর বিদ্যুত্ পাওয়া যায়। তাই সোলার প্যানেলের উপর আমাদের গুরুত্ব দিতে হবে।
 
পল্লী বিদ্যুত্ সমিতি কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক মো. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা পল্লী বিদ্যুত্ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রূপালী মন্ডল, লালমাই উপজেলা নির্বাহী অফিসার কে.এম ইয়াছির আরাফাত প্রমুখ। 
 
ইত্তেফাক/নূহু