কোনো ঘোষণা ছাড়াই রবিবার সকাল ৬টা থেকে গাইবান্ধায় পরিবহন ধর্মঘট শুরু করা হয়েছে। ফলে গাইবান্ধা জেলা শহর থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। এতে দুর্ভোগের শিকার হন যাত্রীরা।
প্রস্তাবিত সড়ক নিরাপত্তা আইনে জরিমানা ও সাজার বিধান সংশোধনের দাবিতে চালকরা গাড়ি চালাচ্ছেন না বলে জানান জেলা মোটর মালিক সমিতির সভাপতি মকবুল হোসেন।
তিনি আরও বলেন, এছাড়া গাড়ি চালকরা নিরাপত্তাহীনতা বোধ করছেন। তাই প্রথমে দিনাজপুর জেলায় এই কর্মসূচি শুরু হয়। পরে গাইবান্ধা ও রংপুরসহ উত্তরের কয়েকটি জেলায় এই কর্মসূচি পালিত হচ্ছে। দাবি না মানা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।
সকাল ১১টায় গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনাল গিয়ে দেখা গেল দুর্ভোগের চিত্র। সারিবদ্ধভাবে বাস দাঁড়িয়ে রাখা হয়েছে। বাসে চালক ও তাদের সহকারীরা নেই। নেই কোনো শ্রমিক। বাস চলাচল বন্ধ দেখে ব্যাগ হাতে যাত্রীরা ঘোরাঘুরি করছেন। কেউ কেউ বাড়িতে ফিরে যাচ্ছেন, কেউ কেউ আশা নিয়ে টার্মিনালে বসে আছেন যদি বাস ছাড়ে।
দুপুর একটায় নাটোরে যাবার জন্য বাস টার্মিনালে যান গাইবান্ধা নাগরিক পরিষদের আহবায়ক সিরাজুল ইসলাম। তিনি বললেন, এমনিতেই ধর্মঘট মানে দুর্ভোগ। উপরন্তু হঠাৎ পরিবহন চলাচল বন্ধ করে দিয়ে জনগণের দুর্ভোগ বাড়িয়ে দেওয়া হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ
