কক্সবাজারের টেকনাফে র্যাব সদস্যরা ক্রেতা সেজে অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবাসহ আশ্রয় নেওয়া দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে। রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, র্যাব-৭ টেকনাফ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলার লেদা টাওয়ারস্থ বাজার হতে লেদা নতুন রোহিঙ্গা বস্তির এ ব্লকের আসাদুল্লাহ (৩৮) ও নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এইচ ব্লকের আব্দুর রহিমকে (২৬) আটক করে। উপস্থিত লোকজনের সামনে তাদের দেহ তল্লাশি করে ১৬ হাজার পিস ইয়াবা, মুঠোফোন ও নগদ টাকা পাওয়া যায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজার র্যাব-৭ কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
ইত্তেফাক/জেডএইচ
