কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
আজ ২৪ এপ্রিল বুধবার কটিয়াদী উপজেলায় ১৯৭১ সালের এই দিনে বর্বর পাকবাহিনী প্রথম হানা দেয়। নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে ১১ জন নিরীহ মানুষকে। স্থানীয় বিনাপানি ফার্মেসি থেকে স্বাধীন বাংলার পতাকা বিক্রি করে ছাত্রলীগ কর্মীরা। এই খবর পেয়ে পাকবাহিনী বিনাপানি ফার্মেসিতে অগ্নিসংযোগসহ শতশত দোকান লুট ও আগুনে পুড়িয়ে দেয়।
২৪ এপ্রিল দুপুরে পাকবাহিনী কটিয়াদী হানা দেওয়ার আগে হাজার হাজার জনতা ব্রহ্মপুত্র নদী পার হয়ে মনোহরদীর চরমান্দালীয়া গ্রামে আশ্রয় নেয় এবং মাস্টার বাড়ি বাজারে মুক্তিযোদ্ধারা সংগঠিত হয়। পরে এই বাজারটির নাম হয় জয়বাংলার বাজার। স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধা ও জনতাসহ এই উপজেলার ১২৩ জন শহীদ হন।
তত্কালীন ছাত্রলীগ নেতা বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন বলেন, দিবসটি পালনের যথাযথ উদ্যোগ নেওয়া হবে।
কিশোরগঞ্জ-২, কটিয়াদী-পাকুন্দিয়া আসনের সাংসদ নূর মোহাম্মদ বলেন, কটিয়াদী বধ্যভূমির একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। পর্যায়ক্রমে মুক্তিযুদ্ধের সকল স্মৃতি সংরক্ষণ করা হবে।
