খামার করে স্বাবলম্বী সিরাজগঞ্জের দিপ্তি রাণী

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৮
গাভির খামার করে সাফল্য পেয়েছে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া গ্রামের দিপ্তি রাণী সাহা। এক সময় তার পরিবারে অভাব লেগেই থাকতো। তার স্বামীর একার রোজগারে তাদের সংসার ভালভাবে চলতো না। ধারদেনা করে সংসারের খরচ চালাতে হতো। 
 
এ পর্যায়ে স্বামীর আয়ের ৩ হাজার ২০০ টাকা দিয়ে একটি বকনা বাছুর ক্রয় করে দিপ্তি। এই বাছুর থেকেই আজ তিনি সফলতার মুখ দেখেছেন। তিনি বাড়িতে গড়ে তুলেছেন  গাভির খামার। বর্তমানে তার খামারে রয়েছে ৯টি গাভি, ৪টি ষাড় ও ৫ বাছুর। খামার থেকে প্রতিদিন দেড় থেকে দুই মন দুধ সংগ্রহ করে। 
 
বর্তমানে বাজারে দুধের দাম পাইকারি দাম ৪৫-৫০ টাকা কেজি। এতে তিনি প্রতিদিন ১৮শ থেকে ২ হাজার টাকার দুধ বিক্রি করে। তার সংসারে এখন আর অভাব নেই। স্বামী সন্তানদের নিয়ে এখন সুখে আছেন দিপ্তি রাণী। 
 
তিনি জানান, বিয়ের পর সংসারে খুব অভাব ছিল। অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। তার ওই কষ্টই আজ তার সাফল্যের মূল কারণ। সংসারে অভাব না থাকলে হয়তো এই খামার করার উদ্যোগ নেয়া হতো না। 
 
তার দেখাদেখি এলাকার অনেকেই খামার করার উদ্যোগ নিয়েছেন। এ ব্যপারে জেলা পশুসম্পদ কর্মকর্তারা তাদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
 
ইত্তেফাক/ইউবি