আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
আদমদীঘিতে ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় আরো দুই সদস্যকে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো কবির হোসেন ও আব্দুল হাকিম। এর আগে ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধারসহ রাজু আহম্মেদকে পুলিশ গ্রেফতার করেছে। এ পর্যন্ত এই মামলায় তিন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে বলে মামলার তদন্তকারী ওসি(তদন্ত) আব্দুর রাজ্জাক জানান।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল রাতে আক্কেলপুরের গোলাম মওলাসহ তিন ব্যক্তি মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় আদমদীঘির মুরইল-রায়কালী রাস্তার বিনাহালী গ্রামের কাছে ডাকাতরা দড়ির বেরিকেট দেয়। এতে ওই তিন মোটরসাইকেল আরোহী ছিটকে পড়লে ডাকাতরা তাদের গাছের সাথে বেঁধে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় গোলাম মওলা বাদী হয়ে মামলা দায়ের করেন।
