তেলবাহী লড়িকে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪৯
ট্রাকের ধাক্কায় তেলবাহী লড়িতে থাকা রেজাউল হাজী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলা অংশের হাজীর হাট এলাকায় ওই দুর্ঘটনা।
 
হাইওয়ে পুলিশ জানায়, সোমবার দুপরে রাজশাহীগামী একটি ট্রাকের চাকা পাঙচার হলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে বাঘাবাড়ীগামী তেলবাহী লরিকে সামনে থেকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে লরিটি সড়কের পাশের একটি ডোবায় পড়ে পানির নিচে ডুবে যায়। ওই লরিতে থাকা বৃদ্ধ রেজাউল হাজী পানির নিচে আটকা পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রেজাউল হাজী রাজশাহীর শাহমুখদুম কলেজ এলাকার আফরিন তেল পাম্পের ম্যানেজার পদে চাকরি করছিলেন।  
 
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) এসআই হাবিবুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে।
 
ইত্তেফাক/নূহু