সাভারের আশুলিয়ায় দুর্বৃত্তদের গুলিতে দুই হিজড়া ও এক প্রাইভেটকার চালক গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার দুপুরে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের মরাগাং এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধরা হচ্ছেন, হিজড়া নেতা আব্দুল্লাহ ওরফে রাশিদা (৫০), হিজড়া শিখা (২৮) ও গাড়ি চালক নুরুন্নবী (৩০)।
প্রত্যক্ষদর্শী আঁখি হিজড়া জানান, দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে একটি প্রাইভেটকার ভাড়া করে তারা তিনজন হিজড়া ঢাকার উত্তরার উদ্দেশ্যে রওনা দেন। তাদের গাড়িটি আশুলিয়ার মরাগাং এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা অপর একটি প্রাইভেটকার তাদের গাড়িটিকে ধাক্কা দেয় এবং গতিরোধ করে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই প্রাইভেটকারটির ভেতর থেকে বের হয়ে ৩-৪ জন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। এতে তাদের গাড়ির চালক নুরুন্নবীসহ হিজড়া রাশিদা ও শিখা গুলিবিদ্ধ হন। অপর হিজরা আঁখি পেছনের সিটে থাকায় অক্ষত থাকেন। পরে দুর্বৃত্তরা এলোপাতাড়িভাবে গুলি ছুড়ে দ্রুত আব্দুল্লাহপুরের দিকে পালিয়ে যায়।
স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ ৩ জনকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কয়েকটি গুলির খোসা উদ্ধার করেছে।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ওটি ইনচার্জ নাছির উদ্দিন বলেন, গুলিবিদ্ধ অবস্থায় তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে শিখার পেটে ও বুকে দুটি গুলি লেগেছে। রাশিদারও বুকে গুলি লেগেছে এবং চালক নুরুন্নবীর বাঁ হাতে একটি গুলি এবং দুটি গুলি বুকে লেগেছে। বর্তমানে তারা আইসিইউতে চিকিৎসাধীন।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বলেন, কে বা কারা, কি উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা তাদের হত্যার উদ্দেশে গুলি চালিয়েছে। হামলাকারী দুর্বৃত্তদের চিহ্নিত এবং গ্রেপ্তার করতে অভিযান চলছে।
ইত্তেফাক/নূহু
