১০ টাকা কেজির ৩২ বস্তা চালসহ গ্রেপ্তার ২

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১১
হবিগঞ্জে পাচারকালে ১০ টাকা কেজির ৩২ বস্তা সরকারি চালসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
 
আটককৃতরা হল- সদর উপজেলার রিচি গ্রামের হাসু মিয়ার ছেলে নায়েব আলী (৩০) ও একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে রাজ্জাক মিয়া (৪৫)।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার রাতে হবিগঞ্জ-লাখাই সড়কে ব্যাটারি চালিত ইজিবাইক বোঝাই করে সরকারি চাল পাচারের উদ্দেশ্যে জেলা শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে।
 
আটককৃতদের দাবি, তারা চালগুলো ক্রয় করে নিয়ে এসেছিল।
 
এ ব্যাপারে কোর্ট স্টেশন ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান জানান, রিচি ইউনিয়ন থেকে এসব সরকারি চাল তারা বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে চালসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
 
ইত্তেফাক/বিএএফ