লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের কবরস্থান বাজারে দোকান ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংর্ঘষে রাসেল (১৭) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। সহপাঠীকে হত্যার বিচার চেয়ে ঘটনাস্থলের কবরস্থান বাজারে সোমবার দুপুরে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় কয়েকশ লোকজন ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে।
মানববন্ধনে মোমিনপুর কুচলীবাড়ী উচ্চ বিদ্যালয় ও আলাউদ্দিন নগর দাখিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী এবং স্থানীয় লোকজন অংশগ্রহণ করে।
শিক্ষার্থী সজিব হোসেন, মিঠু ও সুজন বলেন, ‘রাসেলকে নির্মমভাবে পিটিয়ে হত্যা হয়। আমরা এই হত্যার বিচার চাই।’
মানববন্ধনে কুচলিবাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মানিক হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য শাহিদা জলিল, কুচলিবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সোহাগ হোসেন সাগর উপস্থিত ছিলেন।
ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সোহাগ হোসেন সাগর জানান, ‘রাসেল ছাত্রলীগ ওয়ার্ড কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ছিল। আমরা হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি এবং আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।’
নিহতের পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানায়, মোমিনপুর গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে বেলাল হোসেন (৩৮) ও মৃত রহিম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪০) তারা দুইজনে চাচাতো ভাই। গ্রামের প্রায় এক কিলোমিটার দুরত্বে স্থানীয় কবরস্থান বাজার সংলগ্ন জমি নিয়ে দীর্ঘদিন হতে পাবিবারিক দ্বন্দ্ব ছিল। শনিবার সকালে বেলাল হোসেন তার লোকজন নিয়ে দোকান ঘর তুলতে যায়। এ সময় নজরুল ইসলাম বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ বাঁধে। সংঘর্ষে রাসেলের মাথায় আঘাত লাগে।
তাকে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা রাসেলকে উন্নত চিকিৎসার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাসেল শনিবার সন্ধ্যায় মারা যান।
ঘটনায় দিন নিহত রাসেলের বাবা বাদী হয়ে পাটগ্রাম থানায় নজরুল ইসলামকে প্রধান করে ১৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় খোদেজা বেগম (৪০) ও আব্দুর রশিদকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের বাবা বাদী হয়ে থানা হত্যার মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ইত্তেফাক/নূহু
