বখাটেকে জুতাপেটার ঘটনায় রূপপুর প্রকল্পের নারীকর্মী লাঞ্ছিত

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:০১
ঈশ্বরদীতে বখাটেকে জুটাপেটা করার ঘটনায় রূপপুর প্রকল্পের এক নারী কর্মীকে লাঞ্ছিত করা হয়েছে। ওই নারীকে সাহায্যকারী স্থানীয় একজনকেও মারপিট করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে ঈশ্বরদীর রূপপুর বিবিসি বাজার এলাকায়। 
 
স্থানীয়রা জানায়, কলেজ ছাত্রী ও রূপপুর প্রকল্পে কর্মরত নারী কর্মীকে বখাটে ফয়সালসহ চার যুবক উত্যক্ত ও বাজে মন্তব্য করে। এতে নারী কর্মী উত্তেজিত হয়ে বখাটে ফয়সালকে জুতাপেটা করেন। জুতাপেটার ঘটনায় ফয়সাল ক্ষিপ্ত হয়ে ওই নারীকে মারধর করে। এ সময় স্থানীয় বাসিন্দা শরীফ মোল্লা প্রতিবাদ করতে এগিয়ে এলে বখাটেরা তাকেও মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বখাটেরা পালিয়ে যায়।
 
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত শামীম নামের এক বখাটেকে আটক করেছে। বখাটে সজিব, ফয়সাল ও রকিকে আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে।
 
ইত্তেফাক/নূহু