মানিকগঞ্জ জেলার ভেতর দিয়ে প্রবাহিত পদ্মা, যমুনা, কালীগঙ্গাসহ অভ্যন্তরীণ নদীতে পানি বাড়ছে। তবে নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের মানিকগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মামুন হাওলাদার জানান, গত তিন দিনে পদ্মা ও কালীগঙ্গা নদীতে পানি বেড়েছে। সোমবার সকালে পদ্মা নদীর আরিচা পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আরিচা পয়েন্টে নদীর পানি ছিল ৯.১৫ সেন্টিমিটার ও কালীগঙ্গা নদীর তরা পয়েন্টে ৭.০৭ সেন্টিমিটার। গত দুই দিনে ৫ সেন্টিমিটার করে পানি বেড়েছে।
এদিকে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. আব্দুর রহিম জানান, যমুনা নদীর আরিচা পয়েন্টে নদীর পানি গত তিনদিনে ৫ সেন্টিমিটার করে বেড়ে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার ওই পয়েন্টে পানির পরিমাপ রেকর্ড করা হয়েছে ৯.১৪ সেন্টিমিটার।
ইত্তেফাক/নূহু
