উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞার ক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। সোমবার জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি এই অভিযোগ করেন।
তিনি বলেন, রাশিয়ার বিভিন্ন আইন লংঘনের প্রমাণ ওয়াশিংটনের কাছে আছে। তিনি নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেন, ২০০৬ সাল থেকে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা চলছে। পরমাণু অস্ত্র এবং ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি বন্ধে নিরাপত্তা পরিষদের ১৫টি রাষ্ট্র সর্বসম্মতিক্রমেই এই সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু রাশিয়া অবৈধভাবে উত্তর কোরিয়াকে সমুদ্রপথে তেল সরবরাহ করছে।
উত্তর কোরিয়ার একজন নাগরিককে কালো তালিকাভুক্ত করা হলেও রাশিয়া তাকে বহিষ্কার করতে অস্বীকৃতি জানিয়েছে। এমনকি মস্কো জাতিসংঘের একটি স্বাধীন প্রতিবেদনও পরিবর্তনের চেষ্টা চালায়। তবে জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত নেবেনলি নেভেনজিয়া এই অভিযোগ অস্বীকার করেছেন। - রয়টার্স
