পাবনায় বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা নিহত

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২৩
পাবনার সাঁথিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক চরমপন্থী দলের নেতা নিহত হয়েছে। সোমবার দিবাগত গত রাত ২টার দিকে আতাইকুলা থানার লক্ষ্মীপুর ইউনিয়নের কৈজুরী গ্রামে এ ঘটনা ঘটে। 
 
নিহত কোরবান আলী আটঘোড়িয়া থানার যাত্রাপুর গ্রামের কিয়ামুদ্দিনের (আবু)। তিনি চরমপন্থী (নকশাল) দলের আঞ্চলিক নেতা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ হাফডজন মামলা রয়েছে। 
 
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে থানার লক্ষ্মীপুর ইউনিয়নের কৈজুরী গ্রামের শ্মশানের পাশের একটি কাঁঠাল বাগানে একদল সন্ত্রাসী গোপন মিটিং করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে আহতাবস্থায় একজনকে উদ্ধার করে পাবনা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি রিভালবার, চার রাউন্ড তাজা গুলি ও ২টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধে আতাইকুলা থানার এএসআই ফারুক, এএসআই মন্টু, কনস্টেবল শাহিন ও রউফ আহত হন।
 
ইত্তেফাক/ইউবি