কাতারের আমির শেখ তামিম আল থানি তুরস্ককে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল একটি বিমান উপহার দিয়েছেন বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বোয়িং ৭৪৭-৮আই বিমানটির মূল্য ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ডলার।
এরদোয়ান আরো জানান, তুরস্ক একটি বিমান কেনার চেষ্টা করছে- একথা শোনার পর কাতারের আমির তুরস্ককে বিমানটি দেন। তুরস্কের বিরোধী দলীয় সংসদ সদস্যরা অবশ্য উদ্বেগ প্রকাশ করে বলেছে, দেশ যখন অর্থনৈতিক সংকট পার করছে তখন জনগণের করের টাকায় বিমান কেনা হয়েছে।
IMG0
বোয়িং ৭৪৭-৮আই বিমানটি সবচেয়ে বড় এবং ব্যয়বহুল ব্যক্তিগত বিমান। ২০১৫ সালে বিমানটি কাতার ক্রয় করে। কাতারের আমির কিছুদিন বিমানটি ব্যবহারের পর এটি বিক্রির জন্য গতমাসে বিজ্ঞাপন দেয়া হয়েছিল। বিমান বিক্রির বিজ্ঞাপন দেবার পর তুরস্কের তরফ থেকে বিমানটি ক্রয়ের জন্য আগ্রহ দেখানো হয়। কাতারের আমির বিষয়টি জানার পর বিমানটি তুরস্ককে উপহার হিসেবে দেবার সিদ্ধান্ত নেন।
IMG1
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিমানটিতে যা আছে
দ্বিতল বিশিষ্ট বিমানটিতে ৪০০ যাত্রী ধারণক্ষমতা থাকলেও, কাতারের চাহিদা অনুযায়ী এখানে মাত্র ৭৫টি আসন সংযোজন করা হয়। এ বিমানে ১৪ আসনের একটি ডাইনিং রুম আছে যেটি মিটিং রুম হিসেবে ব্যবহার করা যায়।
IMG2
বেশ কয়েকটি বিলাসবহুল লাউঞ্জ আছে বিমানটিতে। কাঠ দিয়ে সজ্জিত বিলাসবহুল একটি বেডরুম আছে এ বিমানে। এর পাশাপাশি বিমানটিতে ১০টি বাথরুম, একটি স্টোররুম ও একটি হাসপাতাল রয়েছে।-বিবিসি।
IMG3
ইত্তেফাক/মোস্তাফিজ
