আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফ্লোরেন্সের আঘাতে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার উইলমিংটন শহরে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এতে শহরটি রাজ্যের অন্যান্য শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, শহরের সমস্ত রাস্তাঘাট এবং এলাকা বন্যায় প্লাবিত।গত বৃহস্পতিবার থেকে নর্থ ও সাউথ ক্যারোলিনায় ফ্লোরেন্সের আঘাতে ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উইলমিংটন শহরের জনসংখ্যা ১ লাখ ২০ হাজার। এর মধ্যে ৪শ’ লোককে উদ্ধার করা হয়েছে। শহরের অধিকাংশ এলাকা এখনো বিদ্যুৎহীন।
জাতীয় আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে, আরো দুইদিন বন্যার পানি থাকবে। বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
নিউ হ্যানোভার কাউন্টি কমিশনের চেয়ারম্যান উডি হোয়াইট বলেন, আমরা বাড়ি যেতে চাই, কিন্তু আমরা যেতে পারছি না, সব রাস্তা বন্ধ। বাড়িগুলো দ্বীপে পরিণত হয়েছে। কারণ এর চারপাশে কেবলই পানি। কিছু এলাকায় এখনো ফ্লোরেন্সের প্রভাবে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ঝড়ও হচ্ছে যেখানে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৩৫ মাইল।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, বন্যার কারণে স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে। -বিবিসি ও সিএনএন
ইত্তেফাক/ জেআর
