ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, স্বাধীনতার ৪৮ বছরেও দেশের কৃষক-শ্রমিক মেহনতি মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পায়নি। খুনিদের বিরুদ্ধে মামলা করে যে দেশে বাদীকে বিচারের জন্য ধর্না দিতে হয়; খুনের মামলার আসামিরা যখন ধরাছোঁয়ার বাইরে থেকে বুক ফুলিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ায় তখন বিচারের বাণী নিভৃত্বে কাঁদে। এ কারণে হত্যা, খুন, ধর্ষণ ও আগুন দিয়ে মানুষ পোড়ানোসহ বিভিন্নরকম অপরাধের ঘটনা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। গতকাল মঙ্গলবার ভাণ্ডারিয়ার বাসস্ট্যান্ড কলেমা চত্বরে দলটির ভাণ্ডারিয়া সাংগঠনিক জেলা শাখা শ্রমিক আন্দোলন আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ।
ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাণ্ডারিয়া সাংগঠনিক জেলা সভাপতি শহিদুল ইসলাম কবিরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়ার সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী প্রমুখ। পরে প্রধান অতিথি সাংগঠনিক জেলা ও ভাণ্ডারিয়া উপজেলার ১৯-’২০ সালের নতুন কমিটি ঘোষণা করেন। এতে পর্যায়ক্রমে বেলায়েত হোসেনকে সভাপতি, মাও. মো. ইকবাল শিকদারকে সাধারণ সম্পাদক করে ভাণ্ডারিয়া সাংগঠনিক জেলা ও মাও: ছিদ্দিকুর রহমানকে সভাপতি, মাও. জাকির হোসেনকে সাধারণ সম্পাদক করে ভাণ্ডারিয়া উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলনের কমিটি ঘোষণা করেন। এর পর সন্ধ্যায় তিনি ভাণ্ডারিয়া সরকারি কলেজ মাঠে ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বয়ান পেশ করেন।
