সাভারে দুই শ্রমিকের লাশ উদ্ধার

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৫
সাভারে দুই কারখানা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ মঙ্গলবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার একটি বাড়ি থেকে পারভীন আক্তার (২২) নামের এক গার্মেন্টস শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। 
 
পুলিশ জানায়, সকালে নিজ ভাড়া ঘরে আড়ার সঙ্গে পারভীনের ঝুলন্ত লাশ দেখতে পায় প্রতিবেশীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়। পারভীন হেমায়েতপুরের একটি পোশাক কারখানায় কর্মরত ছিল।
 
অপর দিকে, সাভারের হেমায়েতপুরের সিংগাইর রোড এলাকা থেকে সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুর রহিম (৩০) নামের এক গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে তিনি রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিলে তার মৃত্যু হয়। নিহত রহিম সিংগাইর রোড এলাকার ডেকো এক্সেসরিজ লিমিটেড কর্মরত ছিল।
 
ইত্তেফাক/কেকে