আশুলিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৭
সাভারের আশুলিয়ায় মানিক হোসেন ওরফে কালা মানিক (২৬) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার রাতে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন আচারভিটা নামক এলাকার একটি জঙ্গল থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫৬ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। আটককৃত মানিক আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন সিন্দুরিয়া এলাকার মো. মোকছেদ আলীর ছেলে। 
 
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজ্জাদুর রহমান জানান, চিহ্নিত মাদক ব্যবসায়ী কালা মানিক দীর্ঘদিন যাবৎ পাথালিয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। সোমবার রাতে মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মানিককে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে ৫৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক মাদকের মামলা রয়েছে বলে জানান তিনি।
 
ইত্তেফাক/কেকে