গোপালগঞ্জে পানিতে ডুবে দাদী-নাতির মৃত্যু

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৯
গোপালগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দাদী ও নাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জ শহরের চেচানিয়াকান্দিতে এ ঘটনা ঘটে।
 
নিহতেরা হলেন- শহরের চেচানিয়াকান্দি গ্রামের গোপাল বৈদ্য’র স্ত্রী সুভাষিণী বৈদ্য (৬০) ও তার ছেলে আনন্দ বৈদ্য’র শিশুপুত্র চমক বৈদ্য (৪)।
 
নিহতদের স্বজন টিটো বৈদ্য জানান, দুপুরে সুভাষিণী বৈদ্য তার নাতি চমক বৈদ্যকে নিয়ে প্রতিবেশী আশরাফুলের পুকুরে গোসল করতে যায়। গোসল করতে নেমে হঠাৎ চকম পানিতে ডুবে যায়। নাতিকে উদ্ধার করতে গিয়ে সুভাষিণীও পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।
 
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল ইসলাম লস্কার বলেন, হাসপাতালে আনার অনেক আগেই ওই দু’জনের মৃত্যু হয়।
 
ইত্তেফাক/বিএএফ