নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীতে বন্ধুদের সাথে সাঁতার কাটতে গিয়ে নীরব হোসেন (১৪) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে সে নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে নীরবের পরিবারের সদস্যরা।
নিখোঁজ নীরব উপজেলার যাদবপুর গ্রামের আলমিস হোসেনের ছেলে ও শাহাবাগ ইউনাইটেড একাডেমি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্কুল থেকে ছুটি নিয়ে উপজেলার চাচুড়ি পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মুসা মোল্লা ও একই শ্রেণীর আজিম শেখের সঙ্গে নীরব নওয়াগ্রামের স্লাইস গেটের পাশে নবগঙ্গা নদীতে সাঁতার কাটতে নামে। বন্ধু আজিম বেশি পানিতে না নামলেও নীরব ও মুসা নদীর গভীরে যায়। পাড় থেকে সেই দৃশ্য তাদের বহনকারী ভ্যানচালক আশিকুল মোবাইলে ভিডিও করতে থাকে। ওপর থেকে অপর বন্ধু ও ভ্যানচালক বার বার সতর্ক করলেও মুসার থেকে নীরব নদীর একটু বেশি গভীরে গেলে স্রোতের তোড়ে হঠাৎ সে তলিয়ে যায়। ঘটনার পর একাধিক ট্রলার (ইঞ্জিন চালিত নৌকা) নিয়ে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি।
কালিয়া থানার এসআই আব্দুস সুবর বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ট্রলার নিয়ে আশপাশে খোঁজা হচ্ছে। জেলে ও স্থানীয়দের মাইকিং করা হয়েছে। নিখোঁজ নীরবকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/বিএএফ
