রোবটের কারণে ২০২২ সাল নাগাদ কাজ হারাবে সাড়ে ৭ কোটি মানুষ। কিন্তু এ নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই। কারণ ঐ একই সময়ে নতুন প্রযুক্তির কারণে তৈরি হবে ১৩ কোটি ৩০ লাখ নতুন কাজ। বিশ্ব অর্থনৈতিক ফোরাম তাদের এক রিপোর্টে এই ভবিষ্যদ্বাণী করছে। রিপোর্টে বলা হচ্ছে, প্রযুক্তির উন্নয়নের ফলে মানুষের সময় বেঁচে যাবে অনেক, আর সেটা তাদের অন্য কাজ করার সুযোগ করে দেবে। সমালোচকরা হুঁশিয়ারি দিচ্ছেন, যেসব কাজ চলে যাবে, তার জায়গায যে নতুন চাকরি তৈরি হবে এর কোন নিশ্চয়তা নেই।
রিপোর্টটিতে বলা হয়, রোবট এবং এলগরিদমের কারণে এখনকার বিভিন্ন কাজের উত্পাদনশীলতা অনেকগুন বেড়ে যাবে। কিন্তু এর ফলে নতুন কাজ তৈরিরও সুযোগ হবে। ডাটা এনালিস্ট, সফটওয়্যার ডেভেলপার, সোশ্যাল মিডিয়া স্পেশালিসস্ট- এধরণের কাজ প্রচুর বাড়বে। তবে শিক্ষক বা কাস্টমার সার্ভিস কর্মীর মতো কাজ, যাতে কিনা অনেক সুস্পষ্ট মানবিক গুণাবলীর দরকার হয়, সেরকম কাজও অনেক তৈরি হবে। কিন্তু এই নতুন কাজ তৈরির প্রক্রিয়াটা যে সহজ হবে না, এই পরিবর্তনের পথে যে নানা রকম ঘাত-প্রতিঘাত আসবে, সেটা মনে করিয়ে দেওয়া হয়েছে প্রতিবেদনে। -বিবিসি
ইত্তেফাক/অারকেজি
