রংপুরের গাড়িচালক স্বাধীনকে ডোমারে গলাকেটে হত্যা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:০১
নীলফামারীর ডোমার উপজেলার বিদ্যুৎ অফিসের গাড়িচালক স্বাধীন ইসলামকে (৩৫) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উপর তলায় শয়নকক্ষ থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
 
স্বাধীন ইসলাম রংপুর কলেজপাড়ার বাসিন্দা মরহুম আব্দুল জলিল বাবু ইসলামের একমাত্র পুত্র। তিনি মাস্টার রোলে ডোমারে দীর্ঘ ৫ বছর ধরে বিদ্যুত্ অফিসের গাড়ি চালক হিসেবে কর্মরত।
 
ডোমার বিদ্যুত্ বিতরণ বিভাগের নির্বাহী পরিচালক মো. সাইফুল মণ্ডল বলেন, উপজেলা পরিষদ মাঠ সংলগ্ন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের দ্বিতীয় তলার মেসের একটি কক্ষে তিনি ভাড়া থাকতেন। গত মঙ্গলবার সকাল থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়। এমনকি অফিসেও আসেননি। দিনভর তার কোনো সন্ধান না পাওয়ায় বিকেলে খোঁজ করতে তার ভাড়াকৃত রুমে অফিসের লোক পাঠাই। অফিসের লোকজন কক্ষের সামনে তার স্যান্ডেল দেখতে পেলেও রুমটির দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। আমি থানায় খবর দিলে পুলিশ এসে শয়ন কক্ষের একটি জানালার কপাট ভেঙে ফেলে। এ সময় বিছানায় গলায় কাপড় পেঁচানো রক্তাক্ত মরদেহ পরে থাকতে দেখা যায়।
 
ডোমার থানার ওসি মোকছেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। লাশটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে সন্ধ্যায় খবর পেয়ে তার পরিবারে লোকজন মঙ্গলবার রাতে ডোমার পৌঁছেন।
 
ইত্তেফাক/এএম