পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসার পর প্রথম বিদেশ সফরে সৌদি আরব গেছেন ইমরান খান। তার বিদেশ সফর নিয়ে জল্পনা রয়েছে যে, তিনি সৌদি আরবের কাছে অর্থনৈতিক সহায়তা চাইবেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার ঠিক এক মাস পর দুই দিনের এই সফরে গেছেন ইমরান খান। পাকিস্তান তার অর্থনৈতিক সংকট কাটাতে বড় অংকের অর্থ সহায়তা চাইবে বলেই ধারণা করছেন বিশ্লেষকরা।
পাক-প্রধানমন্ত্রীর সৌদি সফরে সঙ্গী হিসেবে রয়েছেন দেশটির অর্থমন্ত্রী আসাদ উমার ও পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেইশি। স্থানীয় কর্মকর্তারা জানান, সফরকালে ইমরান খান জেদ্দায় সৌদি বাদশাহ সালমানের সঙ্গে বৈঠকে বসবেন।
সৌদি তথ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক যোগাযোগ বিষয়ক কেন্দ্র জানিয়েছে, ‘রয়াল কোর্টে’ একটি ভোজসভার আয়োজন করবেন বাদশাহ সালমান।
এদিকে, ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন খান। বৈঠকে তারা দ্বিপাক্ষিক বিষয় ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন বলে কর্মকর্তারা জানান। -ফার্স্টপোস্ট ও বাসস
ইত্তেফাক/ জেআর
