মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় হাতির আক্রমণে যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ছাত্রদলের সাবেক সভাপতি আজমল আলী শামীম (৪৫) নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে জুড়ি উপজেলার ষাড়েরগজ পাহাড়ের লাউয়ের ডগা বাঁশ মহাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শামীম হাজীপুর ইউনিয়নের সাধনপুর গ্রামের আবসরপ্রাপ্ত চাকরিজীবী আমজদ আলীর একমাত্র ছেলে।
জুড়ী ও কুলাউড়া থানা সূত্রে জানা গেছে, আজমল আলী শামীম (৪৫) ও তার বন্ধু শাহিন চৌধুরী (৪৪) মোটরসাইকেল যোগে কুলাউড়া থেকে পাহাড়ী পথে সাগরনাল যাচ্ছিল। পথিমধ্যে জুড়ী উপজেলার ষাড়েরগজ পাহাড়ের লাউয়ের ডগা বাঁশ মহালের উঁচু টিলা অতিক্রম করার সময় একটি হাতি তাদের গতিরোধ করে। হাতি দেখে চালক শাহিন মোটরসাইকেল থামিয়ে জংগলের মধ্যে পালিয়ে যায়। এই সময় হাতিটি শামীমকে আক্রমণ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার ভোররাতে ঘটনাস্থল থেকে শামীমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে জুড়ী থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
