চুরি করে পুলিশের জালে ধরা ‘স্পাইডারম্যান’

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৯
‘স্পাইডারম্যান’ বললেই চোখের সামনে ভেসে উঠে দেয়াল বেয়ে উপরে উঠে যাওয়া। বহুতল ভবন থেকে লাফিয়ে আরেক ভবনে চলে যাওয়া। যেকোনো বাধা টপকে যাওয়া। এগুলো সব পর্দার কাহিনী। তবে এবার এমন এক ব্যক্তি পুলিশের জালে আটকা পড়েছে যাকে বাস্তবের স্পাইডারম্যান বলা হয়। 
 
লোকটির নাম বাল্মীকি ওরফে মিথে। তিনি দেয়াল বেয়ে মুহূর্তে উঠে যেতে পারেন বহুতল ভবনে। ঘরের সামগ্রী লোপাট করে এক ভবন থেকে অন্য ভবনে চলে যেতে পারেন। অন্তত সাত বছর ধরে ভারতের শিলিগুড়ি শহর জুড়ে দাপিয়ে বেড়িয়েছেন তিনি। পুলিশ অনেক বার চেষ্টা করেও তাকে ধরতে পারেনি। শেষমেশ সোমবার রাতে ফাঁদ পেতে মিথেকে ধরে ফেলে শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশ।
 
 
শিলিগুড়ির এসিপি সিদ্ধার্থ রায় বলেন, দেয়াল বেয়ে বহুতলে ওঠার জন্য মিথেকে প্রশিক্ষণ নিতে হয়নি। স্কুল ছেড়ে খুবই কম বয়সে সে ঢুকে পড়ে বাড়ি রং করার কাজে। কৈশোরেই দড়িতে ঝুলে বহুতল রং করায় পারদর্শী হয়ে ওঠে। 
 
মিথের বন্ধুরা জানিয়েছেন, মিথ ওই সময় কোনও রকম সাহায্য ছাড়া দেয়াল বেয়ে বহুতল ভবনে ওঠার কৌশল রপ্ত করে। এরপর থেকে তাকে এলাকার মানুষ স্পাইডারম্যান বলে ডাকে। 
 
পুলিশের মতে, স্পাইডারম্যানের চেয়ে কোনও অংশে কম নয় মিথ। তার বিরুদ্ধে শিলিগুড়ির প্রায় ৪০টি বাড়িতে চুরির অভিযোগ রয়েছে। 
 
ইত্তেফাক/জেডএইচ