নাটোরের লালপুরে রেল ইঞ্জিন থেকে চুরির তেলসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বুধবার রাতে আজিমনগর রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হল- উপজেলার কালুপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে আব্দুল আওয়াল (৪৪) ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৩৮), বাওড়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মকবুল হোসেন (৪৮)। আব্দুল আওয়াল গোপালপুর পৌরভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং রফিকুল ইসলাম একই ওয়ার্ডের বিএনপি’র সাধারণ সম্পাদক।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৩টায় আজিমনগর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৫৩০ লিটার তেলসহ আব্দুল আওয়াল, রফিকুল ইসলাম ও মকবুল হোসেনকে আটক করা হয়। এ সময় ট্রেনের চোরাই তেল পেট্রোল ৬০০ লিটার, ডিজেল ২০০ লিটার, কেরোসিন ৪০০ লিটার, মবিল ১২০০ লিটার, মিশ্রিত ১৩০ লিটারসহ মোট ২ হাজার ৫৩০ লিটার তেল উদ্ধার করা হয়। এ ঘটনায় লালপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
