রোহিঙ্গা সংকট নিয়ে শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করতে দুই দিনের সফরে গতকাল বুধবার মিয়ানমার পৌঁছেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট। আজ বৃহস্পতিবার তিনি দেশটির কার্যত সরকার প্রধান অং সান সু চির সঙ্গে বৈঠক করবেন। সফরের প্রাক্কালে তিনি রোহিঙ্গাদের জন্য সহায়তা ঘোষণা করেছেন। রাখাইনে সেনাবাহিনীর হাতে রোহিঙ্গাদের যৌন সহিংসতার শিকার হওয়ার প্রমাণ সংগ্রহের জন্যও সহায়তা বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট এক বিবৃতিতে বলেন, জাতিসংঘ ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন মিয়ানমারে ভয়াবহ দুর্ভোগের কথা বর্ণনা করেছে। এ রকম মারাত্মক অভিযোগের মুখে মানবিক বোধ সম্পন্ন কোনো দেশই নিশ্চুপ থাকতে পারে না। দুর্ভোগের শিকার যারা হয়েছে তাদেরকে নিরাপত্তা, মর্যাদা এবং ন্যায়বিচার পাইয়ে দিতে যা কিছু করা সম্ভব তার সবকিছু করতে আমরা বদ্ধপরিকর। ওইসব ঘৃণ্য কর্মকাণ্ডের শিকার হওয়া মানুষের প্রতি আমরা আমাদের আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে নিয়ে সহায়তা আরো বাড়িয়ে দেব।
ইত্তেফাক/আরকেজি
