মন্তব্য আরএসএস প্রধানের

ভারতে বসবাসকারী সবাই হিন্দু

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০২
ভারতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত বলেছেন, যারা ভারতে বাস করেন তারা সকলেই হিন্দু। গতকাল বুধবার ভবিষ্যতের ভারত শীর্ষক আলোচনা সভার শেষ দিনে এমন দাবি করেন মোহন ভাগবত। খবর এনডিটিভি’র
 
অত্যন্ত জোরের সঙ্গে ভাগবত জানিয়েছেন, ভারতে যারা বসবাস করেন তারা অনেকেই স্বীকার করতে দ্বিধাবোধ করেন। তবে একথা সত্য যে ভারতের প্রত্যেক বাসিন্দার সংস্কৃতি এবং ঐতিহ্য এক। আর সেটা হিন্দু সংস্কৃতি। তিনি বলেন, আরএসএস জাতপাতের ভেদাভেদে বিশ্বাসী নয়। কারণ সংঘের কর্মীদের মধ্যেই সবচেয়ে বেশি ভিন্ন জাতের বিয়ে হয়েছে।
 
আরএসএস প্রধান দাবি করেন, গোরক্ষার নামে যারা হিংসা ছড়ান তারা আসলে দুষ্কৃতি। প্রকৃত গোরক্ষক নন। তাই গোরক্ষকদের সঙ্গে এই দুষ্কৃতিদের মিলিয়ে না ফেলাই ভালো। বিজেপির আদর্শিক সংগঠন আরএসএস।
 
ইত্তেফাক/আরকেজি