মানিকগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতার অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ২২:৪৪
জেলার হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়ন এবং গোপীনাথপুর ইউনিয়ন দুটির মাঝামাঝি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, উপজেলার বাল্লা ইউনিয়নের ঝিটকা মধ্যপাড়া এবং গোপীনাথপুর ইউনিয়নের মজমপাড়া গ্রামের ইছামতী নদী থেকে কয়েকদিন ধরে অবৈধ উপায়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে হুমকিতে রয়েছে গোপীনাথপুর ইউনিয়নের নদীর তীরে থাকা বসতভিটা এবং বাল্লা ইউনিয়নের নদীর পাড়ের কিছু ফসলি জমি।
 
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানান, আমাদের এই ইছামতী নদী থেকে বেশ কিছুদিন যাবৎ একটি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এই ড্রেজার ব্যবসা চালাচ্ছে বাবুল নামের এক ছাত্রলীগ নেতা। তাই আমরা সাধারণ মানুষ কিছু বলতে পারছি না। তবে এতে করে আমাদের বাড়িসহ কয়েকটি বসতি, ফসলি জমি হুমকিতে পড়েছে। আপনার কাছে  অনুরোধ রইলো আপনি আপনাদের পত্রিকায় সংবাদ প্রকাশ করে এই ড্রেজারটি বন্ধ করে আমাদের বাড়িঘর গুলোকে বাচান।
 
জানা যায়, বাল্লা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ঝিটকা মধ্যপাড়া গ্রামের মোঃ হাবিবুর রহমানের জায়গা দুই লাখ ৫০ হাজার টাকায় বালু দিয়ে ভরাটের চুক্তি নেয় হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন। পরে সে হাবিবুর রহমানের নিজের নদীর তীরের জমিতে ড্রেজার বসিয়ে  বালু উত্তোলন করতে থাকে। পরে তিনি নদীর মাঝখানে গিয়ে বালু উত্তোলন করতে থাকে।
 
এ বিষয়ে মোঃ বাবুল হোসেনের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমরা নদী থেকে একজনের ব্যাক্তি মালিকানাধীন জায়গা থেকে বালু উত্তোলন করছি। যে ব্যাক্তির জায়গা থেকে মাটি কাটা হচ্ছে আবার তার জায়গাই ভরাট করা হচ্ছে।
 
এ বিষয়ে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিয়াস মেহেদী জানান,  আমরা বিষয়টা দেখছি।
 
ইত্তেফাক/নূহু