গোপালগঞ্জে অবাধে কাটা হচ্ছে রাস্তার গাছ!

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩৬
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিভিন্ন এলাকায় সরকারি রাস্তার দু’পাশের গাছ অবাধে কেটে নিচ্ছেন স্থানীয় প্রভাবশালীরা। কোন প্রকার অনুমতি ছাড়াই তারা প্রতিনিয়ত রাস্তার দু’ পাশের গাছ কেটে উজাড় করে দিচ্ছে।
 
নাম প্রকাশে অনিচ্ছুক কাশিয়ানী উপজেলার ঘৃতকান্দি গ্রামের বেশ কয়েকজন অভিযোগ করে বলেন, গত ১২ সেপ্টেম্বর উপজেলার বেথুড়ী ইউনিয়নের ঘৃতকান্দি গ্রামের বিষ্ণু সরকার ও কপিল সরকার রামদিয়া-ওড়াকান্দি এলজিইডি সড়কের পাশের বিশালাকৃতির তিনটি রেইনট্রি কেটে ফেলেছেন। যার আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।
 
গাছ কাটার ব্যাপারে বিষ্ণু সরকার বলেন, ‘আমি রাস্তার পাশে গাছগুলো লাগিয়েছিলাম। তাই আমি আমার গাছ বিক্রি করে দিয়েছি। যারা গাছ কিনেছে তারাই কেটে নিয়েছে।’
 
এভাবে উপজেলার রামদিয়া-ভূলবাড়িয়া সড়কের দুই পাশ থেকে গত দু’বছরে বিভিন্ন প্রজাতির প্রায় ২০টি বিশালাকৃতির গাছ কেটে নিয়ে গেছে বলে ভূলবাড়িয়া গ্রামের আনিচুর রহমান, আব্দুর রহমান ও সাঈদুর রহমান অভিযোগ করেন। কেউ রাতের আঁধারে, আবার কেউ দিনের বেলায় প্রকাশ্যে এসব গাছ কেটে নিয়ে যাচ্ছেন বলে তারা জানান।
 
এ ব্যাপারে পরিবেশ কর্মী বাংলাদেশ সেন্টার ফর এ্যাডভান্স স্টাডিসের গবেষক বিধান চন্দ্র টিকাদার বলেন, রাস্তার পাশ থেকে নির্বিচারে বৃক্ষ নিধনে পরিবেশের বিপর্যয়ের আশংকা রয়েছে। পরিবেশ রক্ষায় সব ধরনের বৃক্ষ নিধন বন্ধ করতে হবে। তা হলেই পরিবেশ তার ভারসাম্য রক্ষা করতে পারবে।
 
কাশিয়ানী উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. হাবিবুর রহমান বলেন, ‘গাছ কাটার ব্যাপারে ব্যবস্থা নেবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে কোন ব্যক্তি রাস্তার পাশে সরকারি জায়গায় গাছ লাগালে কেটে নিতে পারবেন বলে উপজেলা পরিষদে রেজুলেশনের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে।’
 
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মাঈন উদ্দিন বলেন, গাছ কাটার বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/নূহু