রাজশাহীর পুঠিয়া উপজেলায় থেমে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা দিয়েছে বাস। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং আহত হয়েছেন আরও ২০ জন।
ঢাকা-রাজশাহী মহাসড়কের উপজেলার তারাপুর এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বাসের হেলপার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রিজু (২৫) এবং ট্রাক চালক রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামের জাকির হোসেন (২৮)। অপরজনের পরিচয় জানা যায়নি।
রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, তারাপুর এলাকায় বালুভর্তি একটি ট্রাক রাস্তার বাম পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের নৈশকোচ (বাস) পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা উদ্ধার কাজে সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের সহায়তা করছেন।
ইত্তেফাক/আরকেজি
