উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন দ্রুত পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শেষ করা এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় আরেকটি শীর্ষ বৈঠকে বসতে চান। তিনদিনের পিয়ংইয়ং সফর শেষে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় ফিরে কিমের এ আগ্রহের কথা জানান দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জায়ে ইন।
রাজধানী সিউলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ওয়াশিংটনের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পেলে কিম দ্রুত নিরস্ত্রীকরণ করবেন। আর ট্রাম্পের সঙ্গে বৈঠকটিও কিম জলদি করতে চান বলে জানিয়েছেন মুন। তাছাড়া, এবছর শেষেই ১৯৫০-৫৩ সালের কোরিয়া যুদ্ধ সমাপ্তির ঘোষণা পাওয়াটাও কিমের অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।
উল্লেখ্য, গত জুনে কিম-ট্রাম্প শীর্ষ বৈঠকের পর উত্তর কোরিয়ার নেতা কয়েকদিন আগেও মার্কিন প্রেসিডেন্টকে দেওয়া একটি চিঠিতে দ্বিতীয় বৈঠকের আগ্রহের কথা জানিয়েছিলেন।
সংবাদ সম্মেলনে মুন বলেন, ‘কিম বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও শিগগিরই উত্তর কোরিয়া সফর করবেন এবং নিরস্ত্রীকরণ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গেও তার দ্বিতীয় বৈঠকটি খুব শিগগিরই হবে বলে তিনি আশা করছেন।’ -রয়টার্স
ইত্তেফাক/ জেআর
