১৫ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ট্রেন চলাচল স্বাভাবিক

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৪৪
ঢাকা-ময়মনসিংহ রেলপথে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এরআগে এই পথে ১৫ ঘণ্টা  ট্রেন চলাচল বন্ধ ছিল।
 
জানা যায়, ঢাকা-ময়মনসিংহ রেল রুটের ফাতেমা নগর রেলস্টেশন এলাকায় বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে কমিউটার ট্রেনের পাওয়ার কারের বগি লাইনচ্যুত হয়। একই সঙ্গে আরও দুটি বগিও লাইনচ্যুত হয়। ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যায়।
 
ময়মনসিংহ স্টেশনের সুপারিনটেনডেন্ট জহিরুল হক জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে রাতেই উদ্ধার প্রক্রিয়া শুরু হয়। ট্রেনের পাওয়ার কার ও গার্ড ব্রেক বগির বেশ কয়েকটি চাকা লাইনচ্যুত হওয়ায় উদ্ধার কাজ শেষ করতে সময় লাগে।
 
ইত্তেফাক/আরকেজি