‘গরু আমাদের অক্সিজেন দেয়। তাকে রাষ্ট্রমাতা ঘোষণা করা হোক।’ এমন দাবি করেছেন বিজেপির এক মন্ত্রী। বুধবার ভারতের উত্তরাখণ্ড বিধানসভার অধিবেশনে রাজ্যের পশুপালন দপ্তরের প্রধান রেখা আর্য এ কথা বলেন।
বিধায়কদের সামনে গরুকে রাষ্ট্রমাতা ঘোষণা করার দাবি তোলে তিনি বলেন, ‘গরুই একমাত্র পশু, যে শ্বাস গ্রহণের সময় শুধুমাত্র অক্সিজেন গ্রহণ করে না, প্রশ্বাসের সঙ্গে তা পরিবেশে ফিরিয়েও দেয়।’
দেশ জুড়ে গো-সুরক্ষা নিয়ে সচেতনতা তৈরি করতে হলে, গরুকে রাষ্ট্রমাতা ঘোষণা ছাড়া উপায় নেই বলেও দাবি করেন তিনি।
গো-মূত্র ব্যবহার করে চিকিৎসার গুণাগুণ নিয়ে লম্বা চওড়া বক্তৃতা করেন বিজেপির এই মন্ত্রী। সেই সঙ্গে যোগ করেন, ‘গরু মাতৃত্বের স্বরূপ। মায়ের দুধের পর, গরুর দুধই শিশুর জন্য সবচেয়ে উপকারী। বিজ্ঞানও তা মেনে নিয়েছে।’
বিধানসভায় দাঁড়িয়ে যখন রেখা আর্য এসব কথা বলছিলেন তখন এর প্রতিবাদ জানাননি বাকিরা। যে কারণে সর্বসম্মতিতে গরুকে রাষ্ট্রমাতা ঘোষণা করার প্রস্তাব পাস হয় উত্তরাখণ্ড বিধানসভায়। খবর: আনন্দবাজার
ইত্তেফাক/জেডএইচ
