কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এক কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটককৃত নারী রংপুর সদর উপজেলার সগতি পাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের স্ত্রী কলি বেওয়া।
বিজিবি জানায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গংগাহাট ক্যাম্পের নায়েক সুবেদার কুদ্দুস আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে বিদ্যাবাগিশ এলাকায় ওই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেন। পরে তাকে গংগাহাট বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়।
অপর দিকে, শনিবার সকালে কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল কাদেরের নেতৃত্বে সীমান্তে এক গোপন সংবাদের ভিত্তিতে ধান ক্ষেত থেকে ৫৭ ফেনসিডিল ও ৮ বোতল এসকাপ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত ফেনসিডিল ও এসকাপের আনুমানিক মূল্য ২৬ হাজার টাকা।
লালমনিরহাট ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে করেছেন।
ইত্তেফাক/এসজেএ
