বাগেরহাটের শরণখোলায় ফাতিমা আক্তার পাখি (৪৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে লাশ দাফনের প্রস্তুতির সময় পুলিশ ওই বাড়ি থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ফাতিমা আক্তার পাখি উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের লুৎফর রহমান মুন্সির স্ত্রী।
জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে পরিবারের লোকেরা ফাতিমা আক্তার পাখিকে রান্না ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে যায়। শনিবার দুপুরে লাশ দাফনের প্রস্তুতির সময় পুলিশ ওই বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যায়।
এ বিষয়ে শরণখোলা থানার উপ-পরিদর্শক (এসআই) সাকাওয়াত হোসেন জানান, এ ঘটনায় শরণখোলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
