কানাডায় ঘূর্ণিঝড়ের আঘাতে দুই ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু বাড়ি। ঘটেছে গাড়ি উল্টে যাওয়ার ঘটনা। এছাড়া ১ লাখ ৩০ হাজারেরও বেশি লোক বিদ্যুৎ-বিহীন অবস্থায় রয়েছে। রাজধানী অটোয়ার কাছে আঘাত হানে ঘূর্ণিঝড়টি।
আবহাওয়াবিদরা জানিয়েছে, শুক্রবার রাজধানী থেকে প্রায় পাঁচ মাইল উত্তরে গাতিনেয়াউ নগরীতে ঝড়টি ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার আঘাত হানে।
অটোয়া জরুরি বিভাগের কর্মকর্তা অ্যান্থনি ডি মন্টে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, ঝড়ে প্রায় ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর।
এদিকে বিদ্যুৎ কোম্পানি হাইড্রোকুইবেক জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় অটোয়া এলাকার ১ লাখ ৩০ হাজার গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দুর্যোগপূর্ণ এই সময়ে প্রতিবেশীদের লক্ষ্য রাখার জন্য বাসিন্দাদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি টুইটারে জানান, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রত্যেকের প্রতি লক্ষ্য রাখছি।’ -বাসস ও এএফপি
ইত্তেফাক/ জেআর
