‘শিক্ষিত সমাজ গঠনে মায়ের ভূমিকা অপরিসীম’

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৩
‘শিক্ষিত মা এক সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে একটি স্কুল’ এ শ্লোগানকে ধারণ করে বেনাপোল ডিগ্রী কলেজ প্রাঙ্গণে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলেজের অধ্যক্ষ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৮৫ যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
 
প্রধান অতিথি বক্তব্যে শেখ আফিল উদ্দিন বলেন, ‘মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। শিশুর সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ ও শিক্ষিত সমাজ গঠনে মায়ের ভূমিকা অপরিসীম।’
 
এর আগে তিনি বেনাপোল ডিগ্রি কলেজে নবনির্মিত চার তলা ভবন ও শহীদ মিনার উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিরুল ইসলাম, শার্শা নাভারন কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল ও ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন প্রমুখ।
 
ইত্তেফাক/বিএএফ