ঝড়ে ট্রলার ডুবিতে নিখোঁজ ২৪ বাংলাদেশি জেলে ভারতে উদ্ধার

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৪
বঙ্গোপসাগরে সুন্দরবন উপকূলে বৃহস্পতিবার রাতে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ জেলের মধ্যে ২৪ জেলে ভারতের জলসীমায় উদ্ধার হয়েছে। এদের মধ্যে ১৫ জন ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগোনার কাকদ্বীপের পার্থপ্রতিম থানায় আটক আছেন। বাকী ৯ জেলে সেখানকার মৎস্যজীবীদের হেফাজতে রয়েছেন।
 
নিখোঁজ জেলেসহ ডুবে যাওয়া ১৫টি ফিশিং ট্রলারের সন্ধানে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় কোস্টগার্ড ও নৌবাহিনীর উদ্ধার অভিযান দ্বিতীয় দিনেও অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের  অপারেশন অফিসার লে. জাহিদ আল হাসান। তিনি বলেন, এখন পর্যন্ত সাগর থেকে কোনো জেলে-মাঝিমাল্লাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
 
বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জানান, বৃহস্পতিবার ঝড়ের কবলে পড়ে ১৫টি ট্রলার ডুবির ঘটনায় জেলে নিখোঁজের পর শুক্রবার রাতে ভাসতে ভাসতে ভারতের জলসীমার কলস নামক এলাকা থেকে ২৪ বাংলাদেশী জেলেকে উদ্ধার করে সেখানকার জেলেরা। এর মধ্যে ১৫ জনকে রাতেই পার্থপ্রতিম থানায় নিয়ে যায় পুলিশ।  তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের সিদ্ধান্ত হয়নি। এ সব জেলেদের বাড়ি বরগুনা জেলার মহিপুর ও পাথরঘাটা এলাকায়। মহিপুরের মহাজন মো. জাকির হোসেনের এফবি জাহানারা ট্রলারের জেলে তারা।
 
ইত্তেফাক/ইউবি