বঙ্গোপসাগরে ঝড়ে ২৫টি মাছ ধরা নৌকাডুবি, ৩৩ জেলে ভারতের কাকদ্বীপে, ১৩ জেলে নিখোঁজ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৫০
বঙ্গোপসাগরে মৌসুমি ঝড়ে সাগরে  অন্তত ২৫টি মাছধরা নৌকা ডুবে গেছে। ঝড়ের কবলে পড়ে বাংলাদেশের দুটি মাছ ধরা নৌকাসহ ৩৩ জেলে ভারতে আশ্রয় নিয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে ১৩ জন জেলে। বৃহস্পতিবার সন্ধ্যা ও রাতে বঙ্গোপসাগরের নারিকেলবাড়ীয়া, মান্দারবাড়ীয়া, ফেয়ারওয়ে বয়া এলাকাসহ সাগরের বিভিন্ন স্থানে নৌকাগুলো মাছ শিকার করছিল।
 
ঝড়ের কবলে পড়ে উত্তাল সাগরে ডুবে যাওয়া নৌকাগুলোর মধ্যে নাম জানা গেছে পাথরঘাটার আহম্মদ মিস্ত্রীর 'এফবি তাজেনুর', খলিল মাঝির 'এফবি মীম', জালাল মোল্লার 'এফবি মায়ের দোয়া' এবং বরগুনার গুলিশাখালীর ছগির পহলানের 'এফবি আরমান আলী', মৎস্য ব্যবসায়ী তহিদুল তালুকদারের 'এফবি আজমীর শরীফ-১', বিলাশ রায় কালুর 'এফবি সাগর-১', মালেক মোল্লার 'এফবি শাওন' এবং ইউনুচ শিকদারের (নাম জানা যায়নি) একটি ট্রলার নিখোঁজ  হয়েছে।
 
ডুবে যাওয়া ট্রলারের জেলেরা হলেন, ট্রলার মালিক শহিদুল ফরাজী (৩৭), আনোয়ার ফরাজী (৪৫), কামরুল ফরাজী (৩৫), কবির হাওলাদার (২৫), আশরাফুল (২২), আলম মিস্ত্রি (৪২), কবির ঘরামী (৩৫), এনামুল (২৩), ইয়াছিন (৪০), শহিদুল হাওলাদার (৪০), রাব্বি তালুকদার (১৯), ডাবলু হাওলাদার (২৩), মোদাচ্ছের (৩৫), ইউসুফ (৪০), বাবুল হাওলাদার (৩৮), আলমগীর (৩২) ও রিয়ার (২০)। এসব জেলের বাড়ি শরণখোলা উপজেলার বিভিন্ন গ্রামে। 
 
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, গত বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর)  সন্ধ্যায় বঙ্গোপসাগরের ফেয়ারওয়ের দক্ষিনে গভীর সাগরে মৌসুমি ঝড়ের কবলে পড়ে কিছু জাহাজ। এরমধ্যে পাথরঘাটার জসিমের মালিকানাধীন 'এফবি মা'-এর ৯ জেলে, কুয়াকাটার জাকিরের মালিকানাধীন 'এফবি জাহানারা'র ১৫ জেলেসহ মোট ৩৩ জন জেলে ভারতের দক্ষিনের চব্বিশ পরগনার কাকদ্বীপ মহকুমার পার্থপ্রতীম থানা এলাকায় আশ্রয় নিয়েছে। 
 
বৃহস্পতিবার রাতে সাগরে ভাসমান অবস্থায় ভারতীয় জেলেদের হাতে উদ্ধার  হওয়া  বাগেরহাটের শরণখোলার রাজৈর গ্রামের শহিদুল ফরাজীর 'এফবি মারিয়া-১’র ৯ জেলে এখনো ফেরেনি বলে জাতীয় মৎস্যজীবী সমিতির শরণখোলা উপজেলা শাখার সভাপতি মো. আবুল হোসেন জানিয়েছেন।
 
শুক্রবার সন্ধ্যায় সাগরে ভাসমান অবস্থা থেকে হাতিয়ার ১৪ জেলেকে পাথরঘাটার একটি মাছ ধরা নৌকা উদ্ধার করে দুবলারচরে নিয়ে আসে বলে জেলে পল্লী দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেক মাহমুদ মুঠোফোনে জানান। এ ছাড়া ঝড়ের কবলে ইঞ্জিন বিকল হয়ে সাগরের ফুসফুসিয়া চরে অটকে পড়া মহিপুরের ৪ টি মাছ ধরা নৌকা শুক্রবার সন্ধ্যায় কটকা ফরেস্ট অফিসের বনরক্ষীরা উদ্ধার করে নিয়ে আসে বলে বন বিভাগ জানায়।
 
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, প্রবল ঝড়ে কটকা ফরেস্ট অফিসের চালা বিধস্ত হয়ে  কয়েকটি টিন উড়ে গেছে।
 
ডুবে যাওয়া ট্রলারের মধ্যে বাগেরহাটের শরণখোলার রাজৈর গ্রামের শহিদুল ফরাজীর 'এফবি মারিয়া-১' ১৭ জেলেসহ ট্রলারটি ভারতীয় উপকূলের কাছাকাছি রায়দিঘী এলাকায় ডুবে যায়। ওই  ট্রলারের ৯ জেলেকে ভারতীয় একটি ট্রলার উদ্ধার করলেও এখনো ৮ জেলে নিখোঁজ রয়েছে। ভারতীয় জেলে রবীন   মোবাইল ফোনে পিরোজপুরের পাড়েরহাটের মৎস্য আড়ৎদার কমল বাবুকে জেলে উদ্ধারের এ তথ্য জানান।  
 
ইত্তেফাক/নূহু