নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন ‘বিএনপি উন্নয়ন দেখে না, বেগম জিয়ার চোখে ছানি পড়েছে।’ শনিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাটের হাতিবান্ধায় আওয়ামী লীগ আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, লন্ডনে গিয়ে চোখের ছানি অপারেশন করে দেশে ফিরে উনি আর বলেন না সরকার দেশের কি উন্নয়ন করেছেন। এখন বলেন, উন্নয়ন টেকসই করতে হলে গণতন্ত্রকে সু-সংহত করতে হবে। ওই বিএনপিতে কোনোদিন গণতন্ত্র থাকতে পারে না।
শাজাহান খান আরও বলেন, শেখ হাসিনা উন্নয়নের গণতন্ত্রে বিশ্বাসী। কিন্তু খালেদা জিয়ার গণতন্ত্র মানুষকে হত্যা করে। লজ্জাজনক হলেও সত্যি যে, স্বাধীন বাংলাদেশে খালেদা জিয়া নিজামী-মুজাহিদদের মতো যুদ্ধ অপরাধীদের মন্ত্রী বানিয়ে তাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়েছেন। আওয়ামী লীগ তাদের বিচার করে দেশকে মুক্ত করেছে। তাই দেশের মানুষ উন্নয়নের গণতন্ত্রের পক্ষে আবারও নৌকায় ভোট দেবে।
হাতিবান্ধা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বদিউজ্জামান ভেলুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি, সংসদ সদস্য ইসরাফিল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল প্রমুখ।
ইত্তেফাক/নূহু
