‘ভেনিজুয়েলার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র’

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪০
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ভেনিজুয়েলার সরকারের ওপর চাপ বাড়াতে আগামীতে ‘ধারাবাহিক পদক্ষেপ’ গ্রহণ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুতি নিচ্ছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ফক্স নিউজকে তিনি এ কথা বলেন।
 
পম্পেও বলেন, আগামী কয়েকদিনের মধ্যে আপনারা দেখতে পারবেন যে, ভেনিজুয়েলার নেতৃত্বের প্রতি চাপের মাত্রা বৃদ্ধি পাবে। ভেনিজুয়েলার জনগণের স্বার্থের বিরুদ্ধে দেশটির ক্ষমতাসীনরা সরাসরি কাজ করছে। আমি নিশ্চিত যে ভেনিজুয়েলার জনগণ তাদের বক্তব্য ও দাবি নিশ্চিত করতে দৃঢ়সংকল্পবদ্ধ। তবে এ পদক্ষেপ গ্রহণ বিষয়ে তিনি ভবিষ্যত কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। এদিকে ভেনিজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পম্পেওর বক্তব্য বিষয়ে তাত্ক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
 
ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতাদের জিম্মি করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে খর্ব করার অভিযোগে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বামপন্থি সরকারের কর্মকর্তাদের বিরুদ্ধে ক্রমাগত নিষেধাজ্ঞা বাড়িয়েছে। এদিকে গত বছর ভেনিজুয়েলার সরকার ও দেশটির তেল সংস্থা পিডিভিএস’র বাজার আনা নতুন ঋণপত্র ও বন্ড লেনদেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন। এছাড়া মাদুরোসহ দেশটির সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
 
আগামী সপ্তাহে ওয়াশিংটনে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে সারা বিশ্বের রাষ্ট্র প্রধানদের সামনে পম্পেও এ বিষয়ে সতর্ক বার্তা নিয়ে আসবেন বলে মনে করা হচ্ছে। অবশ্য ২০১৫ সাল থেকে এ সম্মেলনে যোগদান করেননি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো। নিরাপত্তা বিষয়ে উদ্বেগের কারণে তিনি এবারের সম্মেলনেও উপস্থিত থাকবেন না বলে জানা গেছে।
 
উল্লেখ্য, মাদুরোর শাসনকালে ভেনিজুয়েলার অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে বলে সংশ্লিষ্টরা মনে করেন। এ সময় বার্ষিক মূল্যস্ফীতির পরিমাণ দুই লাখ শতাংশ বেড়ে যায়। এছাড়া দেশটিতে জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে খাদ্যসহ প্রয়োজনীয় ওষুধের যোগান কমে গেছে। -রয়টার্স
 
ইত্তেফাক/ জেআর