যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট মনোনীত বিচারক ব্রেট কাভানাহ’র বিরুদ্ধে যৌন হামলার অভিযোগকারী নারী বৃহস্পতিবার সিনেট কমিটির সামনে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে একথা বলা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত সুপ্রিম কোর্টের বিচারক কাভানাহ’র বিরুদ্ধে যৌন হামলার অভিযোগ এনেছেন ক্যালিফোর্নিয়ার এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ক্রিস্টিন ব্লেজি ফোর্ড। তিনি অভিযোগ করেছেন, কাভানাহ কিশোর বয়সে তার ওপর যৌন হামলা চালিয়েছেন।
এতদিন এ বিষয়ে নিরাপত্তা ঝুঁকির কারণে সাক্ষ্য দিতে রাজি হননি। তবে সিএনএনসহ বেশ কয়েকটি স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, আগামী সপ্তাহের বৃহস্পতিবার তিনি সিনেট প্যানেলের সামনে তার অভিযোগের পক্ষে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন।
প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, ফোর্ডের আইনজীবী ডেবরা কাটজ রবিবার আরো একবার কথা বলবেন সিনেট কর্মকর্তাদের সঙ্গে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
মার্কিন সিনেট জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান চাক গ্র্যাসলি, ফোর্ডকে সাক্ষ্যদানের ব্যাপারে সিদ্ধান্ত জানাতে শনিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন।
শনিবার ফোর্ডের দুই আইনজীবী কাটজ ও লিসা ব্যাংকস এক বিবৃতিতে জানান, ফোর্ড সাক্ষ্যদানের ব্যাপারে কমিটির অনুরোধ গ্রহণ করেছেন। আমরা আশাবাদী যে এই ব্যাপারে আমরা সম্মতিতে আসতে পারবো। -রয়টার্স
ইত্তেফাক/ জেআর
